শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গাজান সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই যুবককে আটকের পর পুশব্যাক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধীন তাওয়াকুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
আটকদের পরিচয় ও ঘটনার বিবরণ
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার এলাকার মো. মোস্তফা আলীর ছেলে মো. ইব্রাহিম (৩৩) এবং একই উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. শরীফ (১৮)। তবে তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই পুশব্যাক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ১০৯৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইগাতী উপজেলার রাঙ্গাজান এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে তাওয়াকুচা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
দালাল চক্রের সহায়তায় ভারতে গিয়েছিলেন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ২৬ জুন দালাল চক্রের সহায়তায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সোমবার ভোর আনুমানিক চারটার দিকে একই দালাল চক্রের সহায়তায় আবার বাংলাদেশে ফিরে আসেন।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তাঁদের আটক করার পর সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৬-এর ২ এসসংলগ্ন এলাকা দিয়ে পুশব্যাক করা হয়।
বিজিবির বক্তব্য
ঝিনাইগাতীর তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে মানব পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে।’



