তারেক রহমানের চীন সফরে ১৩ এমওইউ সই, জিডিআইতে বাংলাদেশের যোগদান
তারেক রহমানের চীন সফরে ১৩ এমওইউ সই, জিডিআইতে যোগদান

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়। এতে বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও নতুন খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয় গুরুত্ব পেয়েছে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা জিডিআইতে যুক্ত হয়েছে।

১৩ সমঝোতা স্মারক ও জিডিআইতে যোগদান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সংবাদ সম্মেলনে জানান, সই হওয়া সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বিনিয়োগ সহায়তা, জিডিআই, মানবসম্পদ উন্নয়নে সহায়তা, চীনের ভাষা শিক্ষা এবং গণমাধ্যমের নানা পরিসরে সহায়তা। তিনি বলেন, ‘বাংলাদেশের রপ্তানির সক্ষমতা বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি করতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। চীনের কাছ থেকে যে ছাড়কৃত ঋণ বাংলাদেশ নিয়ে থাকে, সেটার সুদের হার কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার বিষয়ে কর্মপরিকল্পনা সই হয়েছে। বিডার পাশাপাশি পৃথকভাবে চট্টগ্রামের আনোয়ারা এবং মোংলায় কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশে চীনের নতুন কারখানা ও উৎপাদন ব্যবস্থা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়েও সমঝোতা স্মারক সই হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি ও সিপিসির মধ্যে সমঝোতা স্মারক

বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে সই করেন। দুই দলের মধ্যে প্রথমবারের মতো কোনো সমঝোতা স্মারক সই হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর লালগালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় ও পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে সশস্ত্র সালাম ও জাতীয় সংগীত বাজানোর পর তোপধ্বনি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তিনি বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিস্তায় সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদীখনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

চীনে বাংলাদেশের বিনিয়োগ কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ করতে শিগগির দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সেমিনারে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান।

আজ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের শেষ দিনে আজ শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টায় গ্রেট হল অব পিপলে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করবেন। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।