ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনের ছবি ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে দেশটির পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশনায় ইতালির রাষ্ট্রীয় পুলিশ ‘পোলিজিয়া দি স্তাতো’ তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে একটি ওয়ান্টেড নোটিশ প্রকাশ করে।
সন্দেহভাজনের পরিচয় ও গ্রেপ্তারি পরোয়ানা
ইতালীয় পুলিশের তথ্য অনুযায়ী, প্রধান সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। তার জন্ম ১৯৮৩ সালের ১০ মে, বাংলাদেশে। ৪৩ বছর বয়সী এই ব্যক্তির অবস্থান বা এ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে তা দ্রুত রোম পুলিশের মোবাইল স্কোয়াডের বিশেষ নম্বর 3346903295-এ জানানোর জন্য বিশ্বব্যাপী অনুরোধ জানানো হয়েছে।
হত্যাকাণ্ডের বিবরণ
শুক্রবার (২৬ জুন) রাতে রোমের একটি আবাসিক ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় পরিবারের ২০ বছর বয়সী ছেলে অয়ন গুরুতর আহত হন। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিচয় ও প্রতিক্রিয়া
নিহত কামাল উদ্দিন বাবুলের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রোমে বসবাস করছিলেন তিনি। এ মর্মান্তিক ঘটনায় ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।



