ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরানি নেতাদের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে ধ্বংসের পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, তাই তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকেও হত্যা করা হবে বলে হুমকি দেন তিনি।
খামেনির শোক র্যালিকে কেন্দ্র করে মন্তব্য
তেহরানে খামেনির চলমান শোক র্যালিকে কেন্দ্র করে কাটজ এসব মন্তব্য করেন বলে জানিয়েছে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩। তিনি আরও বলেন, ‘যে কোনো সময় এবং যে কোনো হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষায় ইসরাইল প্রস্তুত আছে।’
মোজতবা খামেনিকেও লক্ষ্যবস্তু করার দাবি
এর আগে কাটজ দাবি করেছিলেন, আলী খামেনির ছেলে ও উত্তরসূরি হিসেবে উল্লেখ করা মোজতবা খামেনি ‘হত্যার লক্ষ্যবস্তু’ হয়েছেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় তেহরান।
ইরানের প্রতিক্রিয়া
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব হলো তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখা। তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে।
তথ্যসূত্র: আল জাজিরা



