ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দল
বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন- গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ-সভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান এবং পেশাজীবি অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।
শ্রদ্ধা ও স্বাগত
বৈঠকের শুরুতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রতি যুদ্ধে ইরানের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি হতে যাচ্ছে, গণঅধিকার পরিষদ সেটিকে স্বাগত জানিয়েছে। গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন যে, শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে একটি আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।
বৈঠকের আলোচনা
এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয়পক্ষ দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা
বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেন।



