এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয় নাগরিক, চাঁপাইনবাবগঞ্জে হস্তান্তর
এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয় নাগরিক

দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফেরার সুযোগ পেলেন চার ভারতীয় নাগরিক। আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের ভারতের কাছে হস্তান্তর করা হয়। এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

হস্তান্তর প্রক্রিয়া

সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানো হয়েছে। এ সময় রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনের দুই প্রতিনিধি, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রথম আলোকে বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতার ভিত্তিতে ভারতীয় চার নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেপ্তার ও মামলা

হস্তান্তর হওয়া চারজন হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ধিতরা গ্রামের সুইটি বিবি, তাঁর দুই ছেলে কুরবান শেখ (১৭) ও ইমাম দেওয়ান (৬) এবং পাইকোর গ্রামের দানিশ শেখ। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। দুই শিশুকে বাদ দিয়ে চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা হয়।

তাঁদের দাবি ছিল, দিল্লি পুলিশ বাংলাদেশি মনে করে আটক করার পর বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তাঁর শিশুসন্তানকে গত বছরের ৫ ডিসেম্বর ভারতে পাঠানো হয়। তবে মামলা চলমান থাকায় দানিশ শেখসহ বাকি চারজন যেতে পারেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কূটনৈতিক প্রক্রিয়া ও জীবনযাপন

দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ সরকার ট্রাভেল পাসের মাধ্যমে তাঁদের ভারতে ফেরার অনুমতি দেয়। জামিনে মুক্ত হওয়ার পর তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা গাইনপাড়ায় স্থানীয় এক বাসিন্দার জিম্মায় বসবাস করছিলেন। গত সাত মাস স্থানীয় লোকজন তাঁদের খাবারের ব্যবস্থা করেছিলেন।