আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুমিল্লায় প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকেলে নগরের টাউন হল গেটের সামনে এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে কুমিল্লা বন্ধুসভা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাদক এখন রাষ্ট্রীয় ব্যাধি
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাদক এখন শুধু সামাজিক ব্যাধি নয়, রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। রাজনৈতিক সদিচ্ছা ও সরকার চাইলে এই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তাই মাদক নির্মূলে রাষ্ট্রীয়ভাবেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।’
এ সময় গত বৃহস্পতিবার কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদের ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। অংশগ্রহণকারীদের হাতে ‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে সে বন্ধু নয়’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’, ‘নেশা ছাড়ো, দেশ গড়ো’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।
বক্তাদের বক্তব্য
বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও নারী নেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক), সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বন্ধুসভার উপদেষ্টা ও ইতিহাস গবেষক আহসানুল কবীর, নারী উন্নয়ন সংগঠক ও নারী নেত্রী রোকেয়া বেগম শেফালী, প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষক হাসান ভূঁইয়া, সাংবাদিক শামছুল আলম (রাজন), মহিউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ প্রমুখ।
বক্তব্যে দিলনাশি মোহসেন দেশে ক্রমবর্ধমান মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক ও সরকারের সদিচ্ছা থাকলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকমুক্ত দেশ গড়তে তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে দায়িত্ব পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।’
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, ‘সারা দেশের মতো কুমিল্লাতেও মাদক ভয়াবহ আকারে পৌঁছেছে। আগে খাদি ও রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা এখন মাদকের শহরে পরিণত হয়েছে। আমরা প্রতিনিয়ত দেখছি মাদককে কেন্দ্র করে খুন ও সংঘর্ষ হচ্ছে। মাদকের সর্বশেষ ঘটনা কুমিল্লায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিতে ঝাঁঝরা। রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসন ও সরকার চাইলে এ দেশে মাদক থাকার কোনো সুযোগ নেই।’
কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। না হলে আমাদের তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সবাইকে মনে রাখতে হবে মাদকবিরোধী আন্দোলন শুধু প্রশাসনের কাজ নয়; এটি একটি সামাজিক আন্দোলন।’
সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা আহসানুল কবীর বলেন, ‘মাদক ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। মাদক নির্মূলে এখনই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভা দেশজুড়ে সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই একটি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।’
নারী নেত্রী রোকেয়া বেগম শেফালী বলেন, ‘সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের দিকেও গুরুত্ব দিতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে কাজ করলে তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা (জুয়েল), সাংবাদিক শাহ আলম (সফি), আর কে রাসেল, আবু জাফর সালেহ প্রমুখ।



