শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আরও প্রতিনিধিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী সহযোগিতা জোরদারের ওপর জোর দিয়েছেন।
উচ্চ পর্যায়ের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
মন্ত্রী জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সাইডলাইনে নেদারল্যান্ডসের সামাজিক বিষয়ক ও কর্মসংস্থান মন্ত্রী জোহানেস আলেকজান্ডার ভিলিব্রিফের আয়োজিত এক উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন। রোববার প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান মন্ত্রীর সঙ্গে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ব্রাজিল, কানাডা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং আইএলওর শ্রমমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
বৈশ্বিক শ্রম শাসনে গণতন্ত্রায়নের ওপর জোর
আলোচনাকালে আরিফুল বৈশ্বিক শ্রম শাসনে গণতন্ত্রায়নের গুরুত্ব তুলে ধরেন এবং আইএলও সংবিধানের ১৯৮৬ সালের সংশোধনী যন্ত্র কার্যকরের সমর্থন জানান। তিনি বলেন, একটি আরও প্রতিনিধিত্বমূলক সংস্থা তার বৈধতা ও কার্যকারিতা বাড়াবে।
তিনি বলেন, আইএলও শ্রম অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়নে আরও জোর দেওয়া প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়তার চ্যালেঞ্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়তার দ্রুত অগ্রগতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল সাক্ষরতা জোরদার করতে এবং বিশ্ব অর্থনীতিতে আরও অংশগ্রহণের জন্য ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় শ্রমিকদের সজ্জিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
তিনি শ্রম অভিবাসনকে মর্যাদাপূর্ণ কাজের পথ হিসেবে উল্লেখ করে আইএলওকে উন্নয়নশীল দেশগুলোর জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম গতিশীলতার সুযোগ সম্প্রসারণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
নেদারল্যান্ডসের উদ্যোগের প্রশংসা
বাংলাদেশ আইএলওর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনার জন্য বিভিন্ন অঞ্চল ও উন্নয়ন স্তরের দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি সংলাপ আয়োজনের নেদারল্যান্ডসের উদ্যোগের প্রশংসা করে।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ব্রাজিলের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী লুইজ মারিনহো, দক্ষিণ আফ্রিকার কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী নোমাখোসাজানা মেথ, কানাডার শ্রমমন্ত্রী জন জেরুসেলি, আইএলওর সহকারী মহাপরিচালক লরা থম্পসন এবং আইএলওর ইউরোপ ও মধ্য এশিয়ার আঞ্চলিক পরিচালক পিটার ভ্যান রুইজ।



