ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাইকমিশনারের আলোচনা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উভয় নেতা নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার প্রতিপাদ্য
আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে এম রিয়াজ হামিদুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, 'বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য।'
বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, 'ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।'
আগামী কর্মসূচি ও পূর্ববর্তী সাক্ষাৎ
জানা যায়, আজ বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ২০২৫ সালের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতে কাজ শুরুর পর এই প্রথম দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন তিনি।
অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
একইসঙ্গে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন বলেও জানানো হয় প্রতিবেদনে।



