মার্কিন হামলার আশঙ্কায় ইরান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান ভারতের
ইরানের পরিবর্তনশীল পরিস্থিতি ও মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
কে কারা এই নির্দেশনা মেনে চলবেন?
এই নির্দেশনাটি ইরানের বর্তমান সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় দূতাবাস বলেছে, 'ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।'
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের গত ১৪ জানুয়ারির জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
কী কী সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে?
নির্দেশনায় সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে (পিআইও) নিম্নলিখিত সতর্কতাগুলো অবলম্বন করতে বলা হয়েছে:
- সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা
- বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলা
- ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা
- যেকোনও পরিস্থিতির বিষয়ে স্থানীয় গণমাধ্যমে নজর রাখা
এ ছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত সব নথি সঙ্গে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ইরানের বর্তমান পরিস্থিতি কী?
গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ৪০ দিনের শোকসভা পালনের পর গত শনিবার থেকে ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরানসহ মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল জনতা সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।
আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বেশ নাজুক। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য এবং গোলাবারুদ পাঠানো বৃদ্ধি করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ওই অঞ্চলে ক্রমাগত সামরিক সরঞ্জাম পৌঁছানো হচ্ছে।
এই অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরান ত্যাগের আহ্বান জানানো হয়েছে। খবর এনডিটিভি ও এএফপি’র সূত্রে জানা গেছে।
