যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে মঙ্গলবার (১২ মে) সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে সোমবার (১১ মে) আরও চারজন মন্ত্রীর রাজনৈতিক সহকারী (পিপিএস/পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি) পদ ছাড়ার ঘোষণা দেন।
পদত্যাগের কারণ
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ফানবুলে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে (কিয়ার স্টারমার) অনুরোধ করছি, তিনি যেন দেশ ও দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেন এবং একটি সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করেন।’ দক্ষিণ লন্ডনের পেকহ্যাম আসনের এ সংসদ সদস্য তার পোস্টের সঙ্গে পদত্যাগপত্রও জুড়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রীকে চিঠি
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে ফানবুলে বলেন, ‘কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও, পরিবর্তনের জন্য আমরা যে ম্যান্ডেট বা জনরায় পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা সুদূরপ্রসারী লক্ষ্য, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারিনি।’ ফানবুলে আরও বলেন, ‘জনগণের কাছ থেকে পাওয়া বার্তাও একেবারে স্পষ্ট— প্রধানমন্ত্রী, আপনি জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন।’
সূত্র: রয়টার্স



