সাজেকে ইউপিডিএফের ডাকে আধা বেলা সড়ক অবরোধ, পিকেটিং চলছে
সাজেকে ইউপিডিএফের ডাকে সড়ক অবরোধ, পিকেটিং চলছে

সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। আজ সকালে সাজেকের মাচালং বাজার এলাকায় এ চিত্র দেখা যায়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সোমবার ভোরে এ কর্মসূচি শুরু করেছে দলটি।

অবরোধের প্রভাবে যান চলাচল বন্ধ

অবরোধ কর্মসূচিকে ঘিরে সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন ইউপিডিএফ সদস্যরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা যায় তাঁদের। এর প্রভাবে সাজেক-দীঘিনালা সড়ক, দীঘিনালা-বাঘাইছড়ি যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে পড়েছে।

পর্যটন কেন্দ্রে শঙ্কা

সাজেক পর্যটনকেন্দ্রের খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন ছাড়ে। তবে অবরোধের কারণে নির্ধারিত সময়ে যানবাহন ছাড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাজেকের রিসোর্টগুলোতে এখন পর্যটকের সংখ্যা খুবই কম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যাকাণ্ডের প্রতিবাদ

গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। দলটির দাবি, ইউপিডিএফ-গণতান্ত্রিকের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে।’

অভিযোগ অস্বীকার

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, যেখানে ঘটনা সংগঠিত হয়েছে, সেখানে তাঁদের দলের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ-গণতান্ত্রিকের ওপর অহেতুক দোষ চাপানো হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অবস্থান

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। হত্যার প্রতিবাদে আজ আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে একটি দল। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।’