দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ শুক্রবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
কোন কোন বিভাগে বৃষ্টির সম্ভাবনা?
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ও তাপমাত্রার রেকর্ড
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও সিলেটে ৩৩ মিলিমিটার, ঢাকায় ২৭ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীকোর্ট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



