বিশ্ব রাজনীতির নতুন মেঘ: সৌদি-ট্রাম্প সংঘাত, তামিলনাড়ুর জোট জট
বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৭ মে (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
সৌদির আকাশসীমা ব্যবহারে বাধা, হরমুজে পাহারা থামালেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিচালিত নৌ-অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলোকে রিয়াদের আকাশসীমা ব্যবহার বা দেশ থেকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সৌদি আরব। সৌদির এই আপত্তির মুখে হরমুজে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার বিশেষ নৌ-অভিযান স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।
থালাপতি বিজয়ের সরকার গঠন অনিশ্চিত, জোট বাঁধছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দাক্ষিণের রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। যে ঘটনা এক দিন আগেও অসম্ভব মনে হচ্ছিল, বুধবার রাতে সেটিই জোরালো সম্ভাবনা হিসেবে সামনে এসেছে। রাজ্যে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে দীর্ঘদিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে) এক জোট হওয়ার পথ খুঁজছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
র্যাম্প থেকে রাজপথ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কি অগ্নিমিত্রা পাল?
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে বিজেপি, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন।
ইরান যুদ্ধে যেভাবে বিশ্বক্ষমতার কেন্দ্র হয়ে উঠছে চীন
পারস্য উপসাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই মাসব্যাপী সংঘাত এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। যদিও বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে যুদ্ধের মেঘ এখনও পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্র ইরানি বন্দর ও জাহাজগুলো অবরোধ করে রেখেছে। অন্যদিকে ইরান মার্কিন জাহাজে হামলার চেষ্টা চালাচ্ছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যখন দরকষাকষি চলছে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় সামরিক অভিযান শুরুর হুমকি দিচ্ছেন।
বিজয়ের আছে ১০৭ বিধায়ক, রাজ্যপাল চাইছেন ১১৮: কী বলছে আইন
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ থেকে তিনি এখনও ১০টি আসন দূরে। এই অবস্থায় বিজয় নিজেরসহ ১০৭ জন বিধায়কের স্বাক্ষর নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করেছেন এবং মৌখিকভাবে পাঁচজন কংগ্রেস বিধায়কের সমর্থনের কথা জানিয়েছেন। কিন্তু টানা দুই দিন অপেক্ষার পরও ভাগ্য সহায় হয়নি তার। রাজ্যপাল সাফ জানিয়ে দিয়েছেন, বিজয়কে ১১৮ জন বিধায়কের স্বাক্ষর নিয়েই ফিরতে হবে।



