পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন।
পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না।
তিনি আরও বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।
অবৈধ অভিবাসন রোধে জেলা প্রশাসকদের ভূমিকা
ডিসি সম্মেলনে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন রোধে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমাদের নাগরিকরা বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে বিদেশে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে। এসব রোধ করতে জেলা প্রশাসকদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক জাগরণ তৈরিতে বড় ভূমিকা আছে, যাতে সাধারণ জনগণ দালাল চক্রের হাতে না পড়ে। সে সকল বিষয়ে আলোচনা হয়েছে।
জেলা প্রশাসকদের সঙ্গে উন্মুক্ত যোগাযোগ
জেলা প্রশাসকদের যে কোনো পরামর্শ নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা বলেছি, জেলা প্রশাসকগণ যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে, শেয়ার করতে বা পরামর্শ দিতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ উন্মুক্ত আছে। তারা যে কোনো সময় এসে আমাদের সাথে কথা বলতে পারেন। ডিসি পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সবসময় যোগাযোগ বিদ্যমান।



