রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক সম্প্রতি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন-বিষয়ক মহাপরিচালক সিলভিয়া লিমোনচিনির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু’দেশের মধ্যে অভিবাসন কাঠামোর আওতায় চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার এ তথ্য জানায় ইতালির বাংলাদেশ দূতাবাস।
কর্মভিসা জটিলতা নিরসনে আলোচনা
রাষ্ট্রদূত ২০২২-২৩ সালের ফ্লাসি ডিক্রির আওতায় স্পনসরড কর্মভিসায় ইতালিতে আগত বাংলাদেশি শ্রমিকদের বৈধতার বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, মূল স্পন্সরদের খুঁজে না পাওয়ায় এবং কিছু ক্ষেত্রে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাংলাদেশি কর্মীরা স্টে পারমিট প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা এবং অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূত তাদের একটি তালিকা মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন।
মহাপরিচালকের আশ্বাস
মহাপরিচালক সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের সমস্যা নিরসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি আরও বলেন, ইতালি সরকার বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া সহজ করতে আগ্রহী এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে উভয় পক্ষই অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এছাড়া, ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার জন্য একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।



