স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁদের আলোচনায় দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, প্রতিরক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, প্রতিরক্ষা সহযোগিতা ও ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত কাসকো।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেশ শক্তিশালী। এটিকে আরও শক্তিশালী করতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা প্রয়োজন। তিনি আরও বলেন, বেলারুশ সামরিক সরঞ্জাম উৎপাদনে বিশ্বের অন্যতম দেশ। বাংলাদেশ চাইলে ড্রোনসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে সহযোগিতা করতে পারে।
সার আমদানি ও কৃষি যান্ত্রিকীকরণ
সার আমদানি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বর্তমানে বাংলাদেশ সৌদি আরব ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সার আমদানি করে। এ ক্ষেত্রে বেলারুশ নতুন একটি সম্ভাবনাময় উৎস হতে পারে। বৈঠকে বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ এ খাতে বেলারুশের কারিগরি সহায়তা নিতে পারে।
ফৌজদারি মামলা ও সফরের আমন্ত্রণ
এ ছাড়া বেলারুশের এক নাগরিকের একটি ফৌজদারি মামলার বিষয়ও বৈঠকে উত্থাপন করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত কাসকো স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও বেলারুশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



