আনসার বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান
আনসার বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি

দেশের নিরাপত্তার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ক্রীড়া উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন

রবিবার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২৩ জন খেলোয়াড়কে সম্মাননা

অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ২৩ জন কৃতি খেলোয়াড়ের হাতে প্রাইজমানি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে।

তিনি বলেন, এই সম্মাননা ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহাপরিচালকের মন্তব্য

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার সরকারি উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

বেসবল টুর্নামেন্টের সমাপনী

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির খেলার মাঠে আয়োজিত ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বাংলাদেশে বেসবল খেলার বিকাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। পরে তিনি চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। শুধু প্রচলিত খেলাই নয়, বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকেও রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।