যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন দেয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসিকে অনুসরণ করে। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”

নির্বাচন ও সরকারের দায়বদ্ধতা

স্পিকার বলেন, “সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ।” তিনি বলেন, “তৃণমূলের জনগণ ও প্রান্তিক কৃষকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয় এবং সর্বমহলে সমাদৃত।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার

স্পিকার আরও বলেন, “মানসম্মত ও কারিগরি শিক্ষার প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

আলোচনার বিষয়বস্তু

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং অভিবাসন সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা করেন স্পিকার এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

হাইকমিশনারের বক্তব্য

হাইকমিশনার সারাহ কুক বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্য সর্বদা পাশে থাকবে। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ব্রিটিশ সরকার যেকোনও যুদ্ধ ও সংঘাতকে নিরুৎসাহিত করে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাইকমিশনার জাতীয় সংসদের ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। স্পিকার যুক্তরাজ্যের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।