বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির (বিআইএফএস) বোর্ড সদস্যরা। রবিবার (২৬ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ়করণের ক্ষেত্রে বিআইএফএস-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি দু’দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে সহযোগিতার একটি ভবিষ্যতমুখী রূপকল্প বিনির্মাণ করার তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করেন।
হাইকমিশনার ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও বাড়ানোর জন্য বিআইএফএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি দু’দেশের যুবসমাজ ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর জোর দেন।
বিআইএফএস বোর্ড সদস্যরা হাইকমিশনারকে তার কার্যকালের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমে সহযোগিতার আশা প্রকাশ করেন। তারা দু’দেশের সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎ শেষে হাইকমিশনার বিআইএফএস-এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন এবং তাদের কার্যক্রমের সাফল্য কামনা করেন।



