ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দিনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে এরই মধ্যে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় আসা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে অবনতি হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিক দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার।



