ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনা পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনার ঠিক আগে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের একটি মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুষ্ঠান শুরুর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’ বা ‘দেয়ার উইল বি শটস ফায়ার্ড টুনাইট’।
কী বলেছিলেন লেভিট?
ফক্স নিউজের সাক্ষাৎকারে লেভিট বলেন, ‘সবার ট্রাম্পের বক্তৃতা দেখা উচিত। তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত, আমি বলতে পারি। আজ রাতের বক্তৃতা হবে ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্পের মতো। এটা মজাদার হবে, বিনোদনমূলক হবে। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, তাই সবার দেখা উচিত। এটা সত্যিই দারুণ হবে। আমি এটার জন্য অপেক্ষা করছি।’
রূপক থেকে বাস্তব
তার এই মন্তব্য প্রথমে রূপক অর্থে নেওয়া হয়েছিল। ধারণা করা হয়েছিল, ট্রাম্প তার বক্তৃতায় রাজনৈতিক প্রতিপক্ষকে কটাক্ষ করবেন। কিন্তু কয়েক মিনিট পরেই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে বাস্তব গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলির শব্দে দুই হাজারেরও বেশি অতিথি চিৎকার করে ‘মাটিতে শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন!’ বলতে থাকেন। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। ওয়েটাররা ছুটে হলের সামনের দিকে চলে যান। সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং কয়েকজন শীর্ষ মন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এর কিছুক্ষণ পরেই বন্দুকধারীকে আটকের দাবি করেন ট্রাম্প।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
গুলির ঘটনার পর লেভিটের সেই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক্সে এটি ৪০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লেখেন, ‘এটা অদ্ভুতভাবে সত্যি হয়ে গেল।’ আরেকজন লেখেন, ‘এই কথা এত দ্রুত ফলে যাবে, তা বুঝিনি। আমি ট্রাম্পকে পছন্দ করি না, তবুও খুশি যে তিনি ও সব অতিথি নিরাপদ আছেন।’
একজন এক্স ব্যবহারকারী মজা করে লেখেন, ‘ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের আন্টিরা এখন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেতে উঠবেন।’ আরেকজন বলেন, ‘বাহ, গুলির ঘটনার সঙ্গে এটার কী অদ্ভুত মিল।’
ঘটনার পরিপ্রেক্ষিতে লেভিটের মন্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস।



