ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতিতে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে যাচ্ছেন আলোচনার প্রস্তুতিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে এবং বিভিন্ন শর্ত নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের সরকারি এক সূত্রের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার শর্তাবলি নিয়ে আলোচনা করবে। ওই কর্মকর্তার মতে, এই আলোচনার মূল কেন্দ্রে থাকবে অবরোধ তুলে নেওয়া এবং আটক জাহাজ ও নাবিকদের মুক্তি দেওয়ার মতো বিষয়গুলো।

কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পথে হাঁটার আগে তেহরান ওয়াশিংটনের কাছ থেকে প্রাথমিক আস্থা তৈরির ইতিবাচক সংকেত চাইছে। পাকিস্তানের মধ্যস্থতার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, পাকিস্তান মধ্যস্থতার অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, এই প্রাথমিক আলোচনায় অগ্রগতি হলে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারে। এর আগে পাকিস্তানের সরকারি সূত্র সিনহুয়াকে জানিয়েছিল, আরাঘচির নেতৃত্বাধীন ছোট একটি দল শুক্রবার রাতে অথবা শনিবার ভোরে ইসলামাবাদে পৌঁছাতে পারে।

ওই সরকারি সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে। এ সময় তিনি উল্লেখ করেন যে, সম্ভাব্য এই আলোচনার প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ