হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
হরমুজে জাহাজ চলাচলে ইরানের সহায়তা চাইল বাংলাদেশ

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে ইরানের সহায়তা চাইলেন খলিলুর রহমান

তুরস্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের জন্য ইরানের সহায়তা চেয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে আলোচনার মূল বিষয়

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নিরাপদ পারাপারে ইরানের ভূমিকা নেওয়ার জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান খলিলুর রহমান। তিনি বলেন, “হরমুজ পার হওয়ার অনুমতি পাওয়া ছয় দেশের মধ্যে বাংলাদেশকে যখন অন্তর্ভুক্ত করেছিল ইরান, তখন আমরা ধন্যবাদ জানিয়েছি।”

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। রোববার রাতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানের যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দুই নেতা এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘বাংলার জয়যাত্রা’র বাধাগ্রস্ত যাত্রা

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথে বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি মিললেও ‘বাংলার জয়যাত্রা’ কয়েকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হতে পারেনি। সবশেষ বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে রওনা হয়ে হরমুজ প্রণালির একেবারে কাছে গিয়েও জাহাজটি পার হতে ব্যর্থ হয়।

ইরানি নৌবাহিনীর অনুমতি না মেলায় জাহাজটি আগের অবস্থান মিনা সাকার বন্দর এলাকায় ফিরে আসে। এ ঘটনায় বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষাপটেই তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে এ অনুরোধ জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ

সোমবারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালির রাহিমি জাহানাবাদির সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই বৈঠকে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের পাশাপাশি অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশগামী একটি জাহাজের নিরাপদ পারাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। রাষ্ট্রদূত তখন ইরানের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা বলেছিলেন।

আন্তালিয়া কূটনৈতিক সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ও উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেছে। সবপক্ষের সংযম এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অব্যাহত ও ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের প্রতিক্রিয়া ও অন্যান্য সহযোগিতা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ‘গঠনমূলক অবস্থানকে’ সাধুবাদ জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

এছাড়াও, ইরানের রাষ্ট্রদূত চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানকে সাধুবাদ জানিয়েছিলেন এবং টার্গেটেড হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

খামেনির স্মরণে ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। ইরান থেকে আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশির ফেরার ব্যবস্থা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ধন্যবাদও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।