সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান মন্ত্রী।
সহযোগিতা জোরদারের অঙ্গীকার
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে। মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে চলমান শ্রম খাত সংস্কার, ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ ও শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান। আইএলও মহাপরিচালক আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সফরের বিষয়ে সমন্বয় অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
শ্রম অধিকার ও সংস্কার অগ্রগতি
বাংলাদেশের শ্রমমন্ত্রী আইএলওর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সব মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (এনটিসিসি) মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরেন।
বৈশ্বিক সামাজিক ন্যায়বিচারে অঙ্গীকার
মন্ত্রী আইএলওর ‘গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস’ উদ্যোগকে স্বাগত জানিয়ে বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দায়ের করা আর্টিকেল ২৬ মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে আগ্রহ প্রকাশ করেন এবং দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, প্রতিনিধিদলের সদস্যরা এবং জেনেভা মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



