রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৯ জুন) মস্কোতে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
নির্বাচন ও সরকার গঠনে অভিনন্দন
বৈঠকে রুশ ডেপুটি স্পিকার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সংসদীয় সহযোগিতা ও ডিজিটাল রূপান্তর
আলোচনায় উভয় পক্ষ সংসদীয় বিষয়ে আইনি সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের ই-পার্লামেন্ট উদ্যোগ, ডিজিটাল আইনসভা সেবা এবং নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফর্ম উন্নয়নে চলমান কার্যক্রম তুলে ধরেন।
সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা
বৈঠকে উভয় পক্ষ সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইনসভা গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সংসদীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ অনুসন্ধানে সম্মত হয়। পাশাপাশি পেশাদার কর্মী বিনিময় কর্মসূচি, সংসদীয় প্রতিনিধি দল বিনিময় এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
সংসদীয় কূটনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
চিরাচরিত কূটনীতির পরিপূরক হিসেবে সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে দুই পক্ষ আন্তর্জাতিক সংসদীয় ফোরামে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে দুই দেশের সংসদে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



