মালয়েশিয়ার মেলাকা রাজ্যে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে ৯ জন বাংলাদেশিসহ মোট ৪৯ জন বিদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য সান এ খবর জানিয়েছে।
অভিযানের বিস্তারিত
মেলাকা জেপিজের পরিচালক সিতি জারিনা মোহাম্মদ ইউসোপ এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি নাগরিকদের ব্যবহৃত বেশিরভাগ যানবাহনই মালয়েশিয়ার নাগরিকদের। এগুলো ব্যবসা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদেশি নাগরিকরা গাড়ির মালিকদের চিনতেন এবং অনেকেই দাবি করেছেন মালিকেরা তাদের নিয়োগকর্তা। তবে এই দাবির সত্যতা এখনও যাচাই করা যায়নি।
অভিযানের সময় ও স্থান
বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে বিদেশি চালকদের লক্ষ্য করে 'অপ পেওয়া' নামে এই বিশেষ অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে বিদেশি নাগরিকদের প্রধান তিনটি অপরাধ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, বৈধ রোড ট্যাক্স ছাড়া যানবাহন চালানো এবং ইন্স্যুরেন্সবিহীন যানবাহন চালানো। ক্লেবাং, কামপুং লিম্বোঙ্গান, মারলিমৌ, জাসিন এবং মেলাকা সেন্ট্রাল এলাকায় মোট ১৪৭টি যানবাহনে তল্লাশি চালিয়ে এই ৪৯টি জব্দ করা হয়।
আটককৃতদের পরিচয়
জব্দ করা ৪৯টি যানবাহনের মধ্যে ৪৪টি মোটরসাইকেল এবং ৫টি গাড়ি রয়েছে। আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা, ১০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশিয়ান, ২ জন ভিয়েতনামী এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
আইনগত ব্যবস্থা
গাড়ির মালিকদের সতর্ক করে সিতি জারিনা মোহাম্মদ ইউসোপ আরও বলেন, যানবাহনের মালিকদের অবশ্যই তাদের গাড়ি ব্যবহারের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া বিদেশি নাগরিকদের গাড়ি বা মোটরসাইকেল চালাতে দেওয়া একটি অপরাধ। কোনও ধরনের আপস ছাড়াই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ৯৮টি নোটিশ জারি করা হয়।
চলতি বছরের পরিসংখ্যান
চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মেলাকা জেপিজে মোট ২ হাজার ৩২২টি যানবাহন পরিদর্শন করেছে। এর মধ্যে ১৭৭টি যানবাহন জব্দ করা হয়েছে, যার মধ্যে ১৫২টিই চালাচ্ছিলেন বিদেশি নাগরিকরা। এই সময়ের মধ্যে আইন অমান্য করায় ৭৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য ৯৫১টি নোটিশ জারি করা হয়েছে।



