জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচিত বিষয়

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারত্বের বিষয়ও আলোচনায় স্থান পায়।

এ ছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও বৈঠকে আশা প্রকাশ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রোহিঙ্গা প্রসঙ্গ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের প্রতি সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকের একপর্যায়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে হস্তান্তরের জন্য একটি শুভেচ্ছাপত্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের হাতে তুলে দেওয়া হয়।

জামায়াত প্রতিনিধিদল

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ