ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি শিগগিরই: ট্রাম্প
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি শিগগিরই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে, ওয়াশিংটন ও নয়াদিল্লি খুব শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে। হোয়াইট হাউসে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার একজন ভালো বন্ধু এবং আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।'

বাণিজ্য বৈষম্য নিয়ে ক্ষোভ

তবে একই সঙ্গে ট্রাম্প তাঁর দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, 'ভারত বছরের পর বছর ধরে এই দেশের (যুক্তরাষ্ট্র) সুযোগ নিয়েছে। তারা আমাদের ওপর বিশাল শুল্ক আরোপ করেছিল, অথচ নিজেরা কিছুই দেয়নি।'

এর উদাহরণ হিসেবে বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসনের প্রসঙ্গ টেনে ট্রাম্প অভিযোগ করেন, ভারতের উচ্চ শুল্কের কারণে আগে কোম্পানিটি সেখানে বাজার পাচ্ছিল না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী প্রশাসনের সমালোচনা

ভারত দীর্ঘদিন ধরে এই অসম বাণিজ্য ব্যবস্থার সুবিধা নিয়েছে উল্লেখ করে ট্রাম্প এর জন্য আগের মার্কিন প্রশাসনগুলোকেও দায়ী করেন। তিনি বলেন, 'ভারত বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে। আমি তাদের দোষ দিই না, দোষ আমাদেরই; কারণ আমাদের এখানে কিছু বোকা মানুষ ছিল। আপনারা সবাই তা জানেন।'

বর্তমান পরিস্থিতির পরিবর্তন

তবে বর্তমান পরিস্থিতির পরিবর্তন হয়েছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এখন পরিস্থিতি ঠিক উল্টো এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করছি।'

সূত্র: উইয়ন নিউজ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ