লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধের হুমকি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার (২ জুন) লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহেরের।
শান্তি আলোচনায় ইরানের নেতৃত্ব
গালিবাফ বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন। ফোনালাপে তিনি বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি বলেন, ‘আমাদের জীবন ও আপনাদের জীবন একসূত্রে গাঁথা।’
চুক্তির শর্ত হিসেবে হামলা বন্ধ
তিনি আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।’ গালিবাফ জানান, গত দুই দিন ধরে ইরান লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধ করার জন্য গুরুত্বসহকারে কাজ করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের (ইসরাইল) বিরুদ্ধে অবস্থান নেব।’
লেবাননের কৃতজ্ঞতা
অন্যদিকে নাবিহ বেরি লেবাননে ইসরাইলি হামলা বন্ধে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংকটময় সময়ে ইরানের ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না।
দক্ষিণ লেবাননে হামলা বৃদ্ধি
এদিকে লেবাননের কর্মকর্তাদের মতে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা সম্প্রতি আরও বেড়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে এবং এ ঘটনায় যুক্তরাষ্ট্রকেও সহযোগী হিসেবে দায়ী করছে।



