পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি সামরিক কমান্ডারদের উদ্দেশ্যে বলেছেন, নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভর করা একটি অবাস্তব ও নিষ্ফল ধারণা যা অঞ্চলের দেশগুলো এখন এই সত্যটি বুঝতে পেরেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষ নতুন প্রযুক্তি ও সরঞ্জাম অর্জন করেছে উল্লেখ করে ইরানের প্রতিরক্ষা কাঠামোকে আধুনিক ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান।
তিনি বলেন, সামরিক বাহিনীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ব্যবহারের মাধ্যমে প্রযুক্তির উৎকর্ষ সাধন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করতে হবে। এ সময় প্রেসিডেন্ট ইরানের সশস্ত্র বাহিনীর পেশাদার দায়িত্ব পালন এবং রাজনৈতিক ও দলীয় বিষয় থেকে দূরে থাকার জন্য প্রশংসা করেন।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই পেশাদার এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দেশ ও শাসনব্যবস্থার জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত।



