মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার বক্তব্যকে ইরানের ফার্স নিউজ উপহাস করলেও দেশটির তিন শীর্ষ কর্মকর্তা ভিন্ন তথ্য দিয়েছেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওই তিন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান একটি ‘পারস্পরিক সমঝোতা স্মারক’-এ সম্মত হয়েছে, যার মাধ্যমে চলমান যুদ্ধ বন্ধ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
চুক্তির শর্তাবলি
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় বিদেশে অবরুদ্ধ থাকা ইরানের ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দেওয়া হবে। নিউইয়র্ক টাইমস জানায়, ওই কর্মকর্তারা বলেছেন এই চুক্তিটি ‘লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করবে’।
তারা আরও বলেন, চুক্তির শর্তগুলোর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি খুলে দেওয়া যার মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌঅবরোধ প্রত্যাহার করা এবং ইরান কোনও ধরনের শুল্ক বা টোল আদায় ছাড়াই মুক্ত বাণিজ্যিকভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
পারমাণবিক কর্মসূচি স্থগিত
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কর্মকর্তারা জানিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হবে এবং চুক্তি স্বাক্ষরের ৩০ থেকে ৬০ দিনের মধ্যে এই নিয়ে আলোচনা করা হবে। তবে নিউইয়র্ক টাইমস একটি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ইরানি কর্মকর্তারা যে প্রস্তাবে সম্মত হওয়ার কথা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে ঠিক এই প্রস্তাবেরই ইঙ্গিত দিয়েছিলেন কিনা তা ‘স্পষ্ট নয়’।



