ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, মোদির সঙ্গে বৈঠক আজ
ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, মোদির সঙ্গে বৈঠক আজ

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২৩ মে) সকালে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। তিনি তার স্ত্রী জিনেট ডি রুবিওকে সঙ্গে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মোদির সঙ্গে বৈঠক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্গিও গোর জানিয়েছেন, চার দিনের এই সফরে আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রুবিও। কলকাতায় পৌঁছে রুবিও দম্পতি মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর পরিদর্শন করেন এবং সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিশ্বখ্যাত মানবতাবাদী মাদার তেরেসা কলকাতায় এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন, যা বিশ্বের দরিদ্র, অসুস্থ ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

১৪ বছর পর কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রুবিওর এই সফরের মাধ্যমে ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন। আগামীকাল রোববার (২৪ মে) তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তার আগ্রা ও জয়পুর সফরের কথাও রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর

ভারত সফর নিয়ে শুক্রবার রুবিও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক কাজ করার আছে। তারা আমাদের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। আমরা একসঙ্গে অনেক ভালো কাজ করছি, তাই এই সফর খুবই গুরুত্বপূর্ণ।’ সফরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, এর অর্থনৈতিক প্রভাব, জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট উত্তেজনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ

বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদি—দুজনই দ্বিপক্ষীয় সম্পর্কের গতি ধরে রাখতে আগ্রহী। তথ্যসূত্র: এনডিটিভি।