স্পিকার বললেন, সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত খালেদা জিয়া
স্পিকার: সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত খালেদা জিয়া

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।

‘দেশনেত্রী’ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন

শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ষপঞ্জিটি প্রকাশ করেছে ‘ছবির গল্প’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’-এর উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং ‘ছবির গল্প’-এর সমন্বয়ক সাদমান সাকিব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মূল আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বর্ষপঞ্জিতে দেশনেত্রীর জীবনের ১২টি বিশেষ দিক

বর্ষপঞ্জিটিতে ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণ করা আলোকচিত্র এবং ‘ছবির গল্প’ টিমের লেখনীর মাধ্যমে দেশনেত্রীর বর্ণাঢ্য জীবনের বিশেষ ১২টি দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে ‘ছবির গল্প: সবার আগে দেশপ্রেম’ প্রতিপাদ্যে তারেক রহমানকে নিয়ে বিগত সরকারের ‘মিথ্যা প্রচারের’ জবাবে সত্য তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিকারের বক্তব্যে খালেদা জিয়ার প্রশংসা

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন তাকে জনমানুষের নেত্রী হিসেবে প্রমাণ করেছে।

স্পিকার আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। তার নেতৃত্বে এ দেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

চিফ হুইপের বক্তব্য

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া।

স্পিকার এ সময় বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ‘ছবির গল্প’-এর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগসহ টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, আরিফা সুলতানা রুমা, দীপিকা বিনতে হোসাইনসহ সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ-সদস্যরা, ‘ছবির গল্প’ টিমের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।