ইরান যদি হরমুজ প্রণালিতে কোনও ধরনের টোল বা শুল্ক ব্যবস্থা চালু করে, তবে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনও কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
মার্কো রুবিওর কঠোর অবস্থান
মার্কো রুবিও বলেন, ‘টোল ব্যবস্থার পক্ষে কেউ নেই, এটি হতে পারে না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বাস্তবায়িত হলে একটি কূটনৈতিক চুক্তিকে অসম্ভব করে তুলবে।’ তিনি আরও বলেন, ‘তারা যদি এমন কিছু করার চেষ্টা করে তবে তা পুরো বিশ্বের জন্য একটি হুমকি হবে এবং প্রসঙ্গত, এটি সম্পূর্ণ অবৈধ।’
কূটনৈতিক তৎপরতা অব্যাহত
চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন রুবিও। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর এই কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান। রুবিও বলেন, ‘আমি বিশ্বাস করি পাকিস্তানিরা আজ তেহরান সফর করবেন। তাই আশা করছি, এটি এই প্রক্রিয়াটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’
সূত্র: টাইমস অব ইসরায়েল



