প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ‘ইনসাফ’ থাকবে। তিনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে কোনো বিচারবহির্ভূত কিছু করা হবে না বলে জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে
প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হঠাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী বাংলাদেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। তিনি যদি বাংলাদেশে আসেন, তাঁকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না।’
তিনি আরও বলেন, ‘ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তাতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব। আর যদি না হয়, সেটা কার্যকর হবে—এটাই হচ্ছে ইনসাফ। কারও মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যদি তা প্রপার বিচারিক প্রক্রিয়ায় করা হয়।’



