কেরানীগঞ্জে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ
কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কয়েক শ পরীক্ষার্থী কয়েক দফা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভের ঘটনা

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে প্রথমে অবরোধ করেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। পরে বেলা একটার দিকে আবারও এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। প্রত্যক্ষদর্শী ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কারারক্ষী পদে শারীরিক পরীক্ষার সময় উচ্চতা ও শারীরিক সক্ষমতার মূল্যায়নে অনিয়মের অভিযোগ ওঠে। বাদ পড়া পরীক্ষার্থীদের একটি অংশ কারাগারের ভেতর থেকে বের হয়ে এসে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন।

পরীক্ষার্থীদের অভিযোগ

ভোলা থেকে আসা পরীক্ষার্থী ইমরান হোসেন অভিযোগ করেন, শারীরিক পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন, 'ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা থাকার কথা। কিন্তু এখানে নিয়ম না মেনে যাঁদের খুশি, তাঁদের বাদ দেওয়া হয়েছে।' আরেক পরীক্ষার্থী সুমন সরকার বলেন, 'আমার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তারপরও আমাকে বাদ দেওয়া হয়েছে। অথচ আমার চেয়ে কম উচ্চতার অনেকে টিকে গেছেন। আমি গরিব মানুষ। ধার করে টাকা এনে পরীক্ষা দিতে এসেছি। আমাদের অন্যায়ভাবে বাদ দেওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই, এই নিয়োগ পরীক্ষা বাতিল করে আবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হোক।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের ভূমিকা

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন বলেন, 'বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সড়ক অবরোধের খবর জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসি। পরীক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে তীব্র যানজট শুরু হয়। পরে তাঁদের সঙ্গে কয়েক দফা কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরে যান চলাচল স্বাভাবিক হয়।'

কর্তৃপক্ষের বক্তব্য

নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বলেন, আজ কারারক্ষী পদে নারী ও পুরুষদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে প্রায় ৪৬ হাজার ৬০০ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৪৫০ পুরুষ ও ২২ নারী নিয়োগ দেওয়া হবে। কেরানীগঞ্জে ২ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১ হাজার ১১৪ জন উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, শারীরিক পরীক্ষায় উচ্চতা, ওজন, দৌড়, পুশআপ, লং জাম্পসহ কয়েকটি ধাপে মূল্যায়ন করা হচ্ছে। যাঁরা যোগ্য, তাঁরাই নির্বাচিত হয়েছেন। প্রতিটি ধাপে অযোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন। কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি। যাঁরা পরীক্ষায় বাদ পড়েছেন, তাঁরাই এখন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।