সমন্বিত রেগুলেশনের জন্য দেশে একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে জুন মাসের মধ্যে একটি পরামর্শক কমিটি গঠন করে খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সংবাদ সম্মেলনে ঘোষণা
ক্ষমতাসীন বিএনপি সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন এ কথা জানান। এ সময় তিনি সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন।
গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমন্বিত রেগুলেশনের মধ্যে রাখতে গণমাধ্যম কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি। নির্বাচনী ইশতেহারে ও বিএনপির ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচিতেও এটি বলা হয়েছে। তাঁরা সেই লক্ষ্য এগোতে চান। অগ্রগতি হচ্ছে, সব অংশীজনেরাই এখন এই লক্ষ্যের সঙ্গে যৌথযাত্রার মধ্যে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জুন মাসের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আশা করছেন, আগামী জুলাইয়ের মধ্যে সরকারের কাছে এই প্রস্তাব দেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।



