বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৮ মে) বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত ছয়জন কাউন্সিলর এ রিট করেন।
রিটের বিবাদী ও রিটকারী
রিটের বিবাদীরা হলেন— যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী, বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক। রিটকারীরা হলেন— আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।
আইনি নোটিশ ও পরবর্তী পদক্ষেপ
এর আগে গত ১৩ মে ওই ছয়জন কাউন্সিলর সরকার ও বিসিবির প্রতি রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাড়া না পেয়ে তারা রিট দায়ের করেন। কাউন্সিলরদের পক্ষে নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে তারা চার বছরের জন্য নির্বাচিত হন।
তিনি আরও জানান, তারা বহাল থাকা অবস্থায় বিসিবির নির্বাচনকে সামনে রেখে সাধারণ পরিষদ গঠনের জন্য নতুন করে কাউন্সিলর মনোনয়ন চেয়ে নোটিস পাঠানো হয়। তার দাবি, ৬ মে জারি করা এই নোটিশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। তাই তিন দিনের মধ্যে এই নোটিস প্রত্যাহার করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নোটিসে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শালিসি আদালতের মাধ্যমে আলোচ্য বিষয়টি নিষ্পত্তির আহবান জানানো হয়েছে।



