জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় সরকারি দলের হুইপ কুরআনের একটি আয়াতের নম্বর ভুল বলায় তা সংশোধন করে দিয়েছেন বিরোধী দলের একজন সংসদ সদস্য। রোববার (২৮ জুন) সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।
হুইপের ভুল ও সংশোধন
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাঁর বক্তব্যে সূরা নাজমের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আল্লাহ কুরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে, যার জন্য সে চেষ্টা করে। আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। আয়াত নম্বর ৫৩, ২৭ নম্বর পারা।’
তাঁর বক্তব্য শেষ হলে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ভুলটি ধরিয়ে দেন। তিনি বলেন, ‘আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন সূরা আন নাজমের ৫৩ নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন, বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে ৫৩ নম্বর, সূরা আন নাজম ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ- মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়।’
মোহাম্মদ কামাল হোসেন আরও বলেন, ‘উনি বলছেন ৫৩ নম্বর আয়াত। আসলে সূরার নম্বর হচ্ছে ৫৩। আয়াত নম্বর হচ্ছে ৩৯।’
এ সময় অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘বক্তব্য তো ঠিক আছে নাকি?’ জবাবে মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বক্তব্য ঠিক আছে। কিন্তু আয়াত নম্বর। কুরআনের আয়াত তো ভুল বলা যাবে না।’
হুইপের ধন্যবাদ
পরে হুইপ নুরুদ্দিন অপু সংশোধনকারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই বলে যে তিনি আমাকে ভুলটা ধরিয়ে দিলেন, থ্যাংক ইউ।’
বাজেট আলোচনায় হুইপের বক্তব্য
বাজেট আলোচনায় হুইপ অপু বলেন, মাত্র চার মাসের মধ্যে বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি জনকল্যাণমুখী, সাহসী ও বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করেছে, যা দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময়ের দুঃশাসনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। তিনি আরও বলেন, সংসদে একটি কার্যকর বিরোধী দলের উপস্থিতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং সরকারের ভুলত্রুটি সংশোধনে সহায়ক ভূমিকা রাখবে।
হুইপ অপু বলেন, অনেকেই প্রশ্ন তুলছেন এত অল্প সময়ে এত বড় বাজেট কীভাবে বাস্তবায়ন করা হবে। তবে সরকারের আন্তরিকতা, দক্ষতা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে এই বাজেট বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হুইপ বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, সরকার দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।



