জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নানা উদ্যোগ: ড. জাহেদ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নানা উদ্যোগ: ড. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরব জাতীয় চেতনায় চিরজাগরুক রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে।

উপদেষ্টার সংবাদ ব্রিফিং

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ড. জাহেদ বলেন, 'সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে যাতে জুলাই শুধু একটি স্মরণীয় মাস হিসেবেই না থেকে বরং জাতীয় চেতনায় চিরস্থায়ীভাবে গেঁথে থাকে।'

তিনি জানান, তরুণ প্রজন্ম যাতে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনা সঠিকভাবে জানতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৬ জুলাই শহীদ দিবস পালন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬ জুলাই শহীদ দিবস পালন করবে নানা কর্মসূচির মাধ্যমে। সকালে রায়েরবাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হবে।

১৬ জুলাইকে আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করে ড. জাহেদ বলেন, ওই দিন প্রথম আন্দোলনকারীদের মৃত্যু আন্দোলনে নতুন গতি সঞ্চার করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়।

রাষ্ট্রের ঋণ ও দায়

উপদেষ্টা বলেন, 'যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের ত্যাগ কখনো ভুলবে না। রাষ্ট্রের কাছে তাদের ঋণ রয়েছে।'

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে জুলাই মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচির বিস্তারিত পর্যায়ক্রমে গণমাধ্যমে জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তদন্ত ও বিচার চলছে। আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তবে জুলাইয়ের ঘটনা এবং সেই সময়ের বাস্তবতা নথিভুক্ত করে জনগণের সামনে উপস্থাপন করা হবে ইতিহাস সংরক্ষণের জন্য।

গণমাধ্যমের সহায়তা কামনা করে তিনি বলেন, সরকার তার উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে চায়। সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গৃহীত প্রধান কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন।