তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।
সংসদে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী
তিনি বুধবার (৮ জুলাই) সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপিদলীয় সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হইয়াছে।
সংশোধনীতে কী কী অন্তর্ভুক্ত?
প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্ব-প্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে।
মোবাইল জার্নালিস্টদের লাইসেন্সিং
এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পৃথকভাবে মোবাইল জার্নালিস্টদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি; তবে পরিবর্তিত বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে।



