চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘পোশাক বদলে বা নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না।’
আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা
এদিন বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম। বাজেট আলোচনায় অংশ নিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘শুরু করতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে। কারণ আমার ডানদিকে যারা বসে আছেন, তারা আইনশৃঙ্খলা নিয়ে প্রচুর কথাবার্তা বলেন। এ নিয়ে আমাদেরও অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। বাস্তবতা হলো, পোশাক বদলে বা নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটা একটি অপ্রিয় সত্য।’
বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গ
তিনি বলেন, ‘আপনি (স্পিকার) একজন সামরিক বাহিনীর সদস্য। আপনি বলুন তো, এই বাহিনীতে কয়টি বিদ্রোহ হয়েছে? সামরিক বাহিনীর নাম কি কখনও পরিবর্তন হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীই রয়েছে। কিন্তু বিডিআরে যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেটিকে অনেকেই বিদ্রোহ বলেন। আমি বলি, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যা। এরপর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাইফেলসের পরিবর্তে বাংলাদেশ বর্ডার গার্ড করা হয়েছে। নাম পরিবর্তন করলে কি সেই রক্তাক্ত ঘটনার ক্ষত মুছে যাবে?’
তিনি বলেন, ‘আজ আমাদের প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বরাদ্দ নিয়ে বাংলাদেশ রাইফেলসকে আরও শক্তিশালী করে সীমান্তে দাঁড় করানোর উদ্যোগ নেবেন।’
অর্থনীতি ও বাজেট প্রসঙ্গ
অর্থনীতির প্রসঙ্গ টেনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রী জাতির সামনে একটি ফিসক্যাল পলিসি উপস্থাপন করেছেন। কিন্তু আমি যখন মানুষের কাছে যাই, তখন তারা বাজেট নিয়ে প্রশ্ন করেন। আমি বলি, একদিকে যদি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল ব্যাহত হয় এবং সবকিছুর দাম বেড়ে যায়, তাহলে সরকারকে সেই বাস্তবতাও মোকাবিলা করতে হবে।’



