ইআইইউ সূচকে বসবাসের অযোগ্য তৃতীয় শহর ঢাকা, স্কোর মাত্র ৪২
ইআইইউ সূচকে বসবাসের অযোগ্য তৃতীয় শহর ঢাকা

ঢাকা তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর

যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার রাতে প্রকাশিত এই সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাসযোগ্যতার দিক থেকে যুদ্ধবিধ্বস্ত দামেস্ক ও ত্রিপোলির পরেই অবস্থান করছে বাংলাদেশের রাজধানী।

সূচকে ঢাকার মোট স্কোর ১০০-এর মধ্যে ৪২, যা শহরটিকে ১৭১তম স্থানে রেখেছে। ২০২৫ সালের সূচকেও ঢাকার অবস্থান একই ছিল। তলানিতে থাকা সিরিয়ার রাজধানী দামেস্কের স্কোর ৩২, আর ১৭২তম স্থানে থাকা লিবিয়ার রাজধানী ত্রিপোলির স্কোর ৪১। সূচকটি ১ থেকে ১০০ স্কোরের ভিত্তিতে তৈরি, যেখানে ৮০-এর উপরে স্কোরকে গ্রহণযোগ্য এবং ৪০-এর নিচে অসহনীয় হিসেবে বিবেচনা করা হয়। ৪২ স্কোর নিয়ে ঢাকা অসহনীয় শহরের চেয়ে সামান্য ভালো অবস্থানে রয়েছে।

পাঁচটি মূল সূচকে ঢাকার অবস্থান

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—এই পাঁচটি বিষয় বিবেচনা করে সূচকটি তৈরি করা হয়েছে। স্থিতিশীলতায় ছোটখাটো ও সহিংস অপরাধের ব্যাপকতা, সন্ত্রাসের ঝুঁকি, সামরিক সংঘাতের ঝুঁকি ও অস্থিরতা বা সংঘাতের ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়। এ ক্ষেত্রে ঢাকার স্কোর ১০০-এর মধ্যে ৪৫।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেসরকারি ও সরকারি স্বাস্থ্যসেবার প্রাপ্যতা ও মান, ওষুধের প্রাপ্যতা এবং সাধারণ স্বাস্থ্যসেবা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়। স্বাস্থ্যসেবায় ঢাকার স্কোর ৪২। সংস্কৃতি ও পরিবেশের ক্ষেত্রে দুর্নীতির মাত্রা, সামাজিক ও ধর্মীয় কড়াকড়ি, বিধিনিষেধের মাত্রা, খেলাধুলার সুযোগ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ, তাপমাত্রার ধরন, ভ্রমণকারীদের জন্য জলবায়ুর অস্বস্তিকরতা, খাবার ও পানীয় এবং ভোগ্যপণ্য ও সেবার বিষয় বিবেচনায় নেওয়া হয়। এ ক্ষেত্রে ঢাকার স্কোর ৪১।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষায় সর্বোচ্চ, অবকাঠামোয় সর্বনিম্ন

শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষার পর্যাপ্ততা ও মান এবং সরকারি শিক্ষার পরিবেশ বিবেচনায় নেওয়া হয়। শিক্ষায় ঢাকার স্কোর ৬৭, যা পাঁচটি সূচকের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, অবকাঠামোর ক্ষেত্রে সড়ক যোগাযোগব্যবস্থা, গণপরিবহণের মান, আন্তর্জাতিক যোগাযোগের মান, ভালো আবাসনের প্রাপ্যতা, জ্বালানি, পানি ও টেলিযোগাযোগের মান বিবেচনায় নেওয়া হয়। অবকাঠামো খাতে ঢাকার স্কোর মাত্র ২৭, যা সর্বনিম্ন।

সবচেয়ে খারাপ ও সেরা শহরগুলো

সূচকে বাসযোগ্যতার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা অপর সাতটি শহর হলো পাকিস্তানের করাচি (১৭০), আলজেরিয়ার আলজিয়ার্স (১৬৯), নাইজেরিয়ার লাগোস (১৬৮), পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি (১৬৭), ইউক্রেনের কিয়েভ (১৬৬), জিম্বাবুয়ের হারারে (১৬৫) ও ইরানের তেহরান (১৬৪)।

অন্যদিকে, বাসযোগ্যতার দিক থেকে সবচেয়ে ভালো ১০টি শহর হলো ডেনমার্কের কোপেনহেগেন (১), অস্ট্রিয়ার ভিয়েনা (২), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৩) ও সিডনি (৪), সুইজারল্যান্ডের জুরিখ (৫) ও জেনেভা (৬), জাপানের ওসাকা (৭), অস্ট্রেলিয়ার অ্যাডিলেড (৮), কানাডার ভ্যাঙ্কুভার (৯) ও জাপানের টোকিও (১০)।