ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি, দ্বিতীয় কার্যদিবস রবিবার শুরু
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে তিনি এ ঘোষণা প্রদান করেন। ওইদিন বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের দ্বিতীয় কার্যদিবস শুরু হবে বলে জানানো হয়েছে।
প্রথম অধিবেশনের কার্যক্রম
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সমর্থিত হয়। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
শোকপ্রস্তাব ও উদ্বোধনী ভাষণ
অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী ভাষণ দেন। পরবর্তীতে স্পিকারের সভাপতিত্বে সংসদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিগত দিনে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও জাতীয় নেতাদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিরোধী দলের ওয়াকআউট
বিকালের সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ শুরু করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাকে ‘জুলাইয়ের গাদ্দার’ আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
