ভিপি নুর প্রতিমন্ত্রী হলেন, গলাচিপায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ভিপি নুর প্রতিমন্ত্রী, গলাচিপায় আনন্দ মিছিল

ভিপি নুর প্রতিমন্ত্রী হলেন, গলাচিপায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে বিজয়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই শপথ নেন।

গলাচিপায় আনন্দের বন্যা

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীরা ব্যাপক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেন। মঙ্গলবার বিকেলে উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপির সোহরাব মিয়া, শহিদুল ইসলাম তালুকদার, রফিক খান, সোবহান মিয়া এবং গণঅধিকারের মো. হাফিজুর রহমান, মহিবুল্লাহ এনিম, জাকির হোসেন, মো. শোহেব মাষ্টার, ফারুক খলিফা প্রমুখ। বক্তারা নুরুল হক নুরকে প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় বিএনপির চেয়ারম্যান তারেক জিয়াকে বিশেষ ধন্যবাদ জানান।

নুরুল হক নুরের রাজনৈতিক যাত্রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক পরিচিতি গড়ে উঠেছিল ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে, যেখানে তিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি 'ভিপি নুর' নামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।

ব্যক্তিগত জীবন ও শিক্ষা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরাঞ্চলের 'দ্বীপ' ইউনিয়ন চরবিশ্বাসের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ৩৪ বছর বয়সী নুরুল হক নুর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাবা ইদ্রিস হাওলাদার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। নুরের বয়স যখন আড়াই বছর, তখন তার মা নিলুফা বেগম মারা যান। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান।

তিনি চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর গ্রাম থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। ২০১০ সালে এসএসসি পাসের পর তিনি ২০১২ সালে রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বছর পড়ার পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন নুর। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি কিছু সময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি দেশব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেন।