রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে এমপি: কে কত বেতন ও সুবিধা পান?
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ পদাধিকারীদের বেতন ও সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।
সর্বোচ্চ বেতন কে পান?
বাংলাদেশে সর্বোচ্চ মাসিক বেতন পান রাষ্ট্রপতি। তিনি মূল বেতন হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা পান। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এই দুই পদাধিকারীর সব ধরনের খরচ রাষ্ট্র বহন করে।
প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া হিসেবে অতিরিক্ত ১ লাখ টাকা পান, তবে সরকারি বাসভবনে থাকলে এই সুবিধা পান না। এছাড়া তিনি দৈনিক ভাতা ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকা বিমা কভারেজ এবং স্বেচ্ছাধীন তহবিল হিসেবে দেড় কোটি টাকা পান।
অন্যান্য উচ্চপদস্থদের বেতন
- জাতীয় সংসদের স্পিকার: মাসিক ১ লাখ ১২ হাজার টাকা
- প্রধান বিচারপতি: মাসিক ১ লাখ ১০ হাজার টাকা
- মন্ত্রী: মাসিক ১ লাখ ৫ হাজার টাকা
- প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার, চিপ হুইপ, বিরোধী দলীয় নেতা: মাসিক ৯২ হাজার টাকা
- উপমন্ত্রী: মাসিক ৮৬ হাজার ৫০০ টাকা
- সংসদ সদস্য (এমপি): মাসিক ৫৫ হাজার টাকা
সংসদ সদস্যদের অতিরিক্ত সুবিধা
সংসদ সদস্যরা বেতনের পাশাপাশি আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলের জন্য ভাতা পান। তারা বিমার আওতায়ও থাকেন।
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ি ও জ্বালানি সুবিধা
দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি পান, যা পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনো সংস্থা থেকে একটি জিপ গাড়িও পান।
জ্বালানি বাবদ তারা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে ভ্রমণে গেলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দৈনিক ২ হাজার টাকা ভাতা পান, উপমন্ত্রী পান দেড় হাজার টাকা।
কর্মী ও অন্যান্য সুবিধা
- মন্ত্রী ও প্রতিমন্ত্রী: উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, একজন সহকারী একান্ত সচিব, নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব, দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক পান।
- প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী: একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পান।
এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে মুঠোফোন সুবিধা পান। এই সব সুবিধা আইন অনুযায়ী নির্ধারিত হয় এবং সরকারি কোষাগার থেকে বরাদ্দ করা হয়।
