ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের একটি আসন নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটেছে। আদালতের আদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হওয়ার পর সোমবার (৪ মে) তাকে বিনাভোটে নির্বাচিত ঘোষণা করে নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আদালতের নির্দেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং রোববার তিনি তা প্রত্যাহার করেননি। আইন অনুযায়ী, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করার সিদ্ধান্ত দিয়েছি।'
শপথ ও আসন বিতরণ
উল্লেখ্য, রোববার রাতে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এখন একটি আসনের সংসদ সদস্য কে হচ্ছেন, তা নিষ্পত্তি করল ইসি। জামায়াত জোটের ১৩টি আসনের মধ্যে এনসিপির প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল
গত ২১ এপ্রিল আসনটিতে জামায়াত জোটের পক্ষে মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দেন। সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় ২৩ এপ্রিল বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন মনিরা শারমিন, যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে।
নুসরাতের প্রার্থিতা বৈধতা
মনিরা শারমিনের প্রার্থিতা ঝুঁকির মুখে পড়ায় এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ২১ এপ্রিল নির্ধারিত সময়ের পরে জামায়াত জোটের পক্ষে মনোনয়ন জমা দেন। রিটার্নিং অফিসার প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ না করলেও পরে আদালত তা গ্রহণের নির্দেশ দেয়। এরপর রিটার্নিং অফিসার নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং রোববার এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।
আইনি জটিলতা নেই: ইসি
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, 'আমরা গেজেট করে দিয়েছি। আদালত যখন যে আদেশ দেবেন, সে অনুযায়ী করবো। রোববার ও সোমবার কোনো আদালতের আদেশ আসেনি। আইন অনুযায়ী আজকেই গেজেট করা উচিত ছিল, তাই আমরা করেছি। যদি বলা হয় গেজেট বাতিল করতে, তা-ও করতে হবে। আমরা কোনো জটিলতা মনে করি না।' এনসিপির আরেক প্রার্থীর আদালতে শুনানির কথা থাকলেও বিকাল পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।



