ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরই প্রেক্ষিতে নির্বাচিত তালিকাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
বিএনপির ৩৬ এমপি
গেজেটে উল্লেখিত বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন - সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ এমপি
জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
ভোটগ্রহণের প্রয়োজন হয়নি
রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, জোটগুলোর মধ্যে বন্টন করা আসন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।
নুসরাতের মনোনয়নপত্র বাছাই
এদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো বিকাল ৪টা। কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশে সেটি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাই করা হবে।



