কারাগারে থাকা আওয়ামী লীগের মন্ত্রীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া। তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখাতে হলে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এখন কারাগারে আছেন, তাদের বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি নুরেমবার্গ স্টাইলে যুদ্ধাপরাধ বিচার করার আহ্বান জানান।
সংসদে রেজা কিবরিয়ার বক্তব্য
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে রবিবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া বলেন, জুলাই সনদ এবং জুলাই বিপ্লব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু তিনি এসব আলোচনার আন্তরিকতা নিয়ে সন্দিহান। তিনি প্রশ্ন তোলেন, বিপ্লবের পর এতদিনে কি একজন মানুষকেও হত্যার জন্য শাস্তি দেওয়া হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীরা জেলে বসে আছে, কিন্তু তাদের আদালতে এনে শাস্তি নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, ১৯৭১ সালের শহীদ এবং জুলাই শহীদ উভয়ই অত্যন্ত উচ্চ মানের মানুষ। শুধু বক্তৃতা দিয়ে লাভ নেই, বিচার না হলে মানুষ পাত্তা দেবে না।
নিজ এলাকার উন্নয়ন প্রস্তাব
নিজের নির্বাচনী এলাকার জন্য কিছু উন্নয়ন কার্যক্রমের দাবি জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, নবীগঞ্জ ও বাহুবলের জন্য বড় বড় কয়েকটি প্রকল্প প্রয়োজন। প্রথমত, ২০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল। তিনি নবীগঞ্জ হাসপাতালে গিয়ে হতাশ হয়ে পড়েছেন, কারণ সেখানে মানুষ মাটিতে শুয়ে আছে। দ্বিতীয়ত, একটি নার্সিং কলেজ প্রয়োজন, যাতে স্থানীয় মেয়েরা শিক্ষা নিয়ে বিদেশে কাজ করতে পারে। তৃতীয়ত, ছেলেদের জন্য একটি টেকনিক্যাল ট্রেনিং কলেজ প্রয়োজন।
মাদক সমস্যা সমাধানের আহ্বান
বিএনপির এই সংসদ সদস্য বলেন, দেশ একটি গুরুতর মহামারির মধ্যে রয়েছে—মাদক। ছেলে-মেয়েরা মাদকে আক্রান্ত। তিনি মাদক বন্ধে কঠোর আইন ও প্রয়োজনে মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানান।



